নাসির-তামিমার মামলার রায়ের তারিখ নির্ধারণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:০৫ পিএম

আইনিভাবে বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগে নতুন করে বিয়ে ও ব্যভিচারের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত। আগামী ১০ জুন রায় ঘোষণা করা হবে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম যুক্তিতর্ক শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন বলে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান।

মামলার এদিন ছিল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারিত। শুনানিতে বাদীপক্ষে ইসরাত হাসান আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন এবং সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। অন্যদিকে নাসির হোসেনের পক্ষে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু এবং তামিমার পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম যুক্তি তুলে ধরে অভিযোগ প্রমাণিত হয়নি বলে আসামিদের খালাস চান।

শুনানি শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন। পুরো সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদী রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয় এবং তাদের একটি আট বছরের কন্যাসন্তান রয়েছে। অভিযোগে বলা হয়, বৈবাহিক সম্পর্ক চলমান থাকা অবস্থায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।

পরবর্তীতে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাকিবের নজরে আসে। এরপর ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান।

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। একই বছরের ৬ মার্চ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন আসামিপক্ষের আইনজীবী। অন্যদিকে তামিমার শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আদেশের বিরুদ্ধে বাদীপক্ষ রিভিশন দায়ের করে, যা পরবর্তীতে নাকচ হয়।

২০২৩ সালের ২০ মার্চ বাদী রাকিবের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় ২০২৫ সালের ১৬ এপ্রিল পর্যন্ত। চলতি বছরের ১০ মার্চ আসামিদের আত্মপক্ষ শুনানি হয় এবং তারা নিজেদের নির্দোষ দাবি করেন। পরবর্তীতে ৩০ মার্চ তামিমার সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে ৮ এপ্রিল শেষ হয়।

এম জি