হানিফ ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২৬, ০১:২৫ পিএম

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলম–এর আয়কর নথি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, বিভিন্ন সময়ে ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৪৯৭ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, ১৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

দুই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

এম জি