সব মামলায় জামিন বহাল, আইভীর মুক্তিতে আর বাধা নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৫:১২ পিএম
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলায় দেওয়া জামিন নিয়ে সর্বশেষ আইনি জটিলতাও কেটে গেছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগের চেম্বার আদালত “নো অর্ডার” দিয়েছেন।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে ওই দুই মামলাসহ মোট ১২টি মামলায় তার জামিন কার্যকর রয়েছে বলে দাবি করা হচ্ছে।

আইভীর আইনজীবীরা বলছেন, সব মামলায় উচ্চ আদালতের জামিন বহাল থাকায় তাঁর কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই। তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তিনি মুক্তি পাবেন।

এর আগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর ৩০ এপ্রিল হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিনের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে স্থগিত চেয়ে আবেদন করে।

অন্যদিকে, গত বছরের বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল করে। পরে আপিল বিভাগের বিভিন্ন আদেশ ও শুনানির মাধ্যমে সেসব মামলার জামিন বহাল থাকে।

আইভীকে প্রথমে গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে করা একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবীরা জানান, সব মামলায় হাইকোর্টের দেওয়া জামিন এবং আপিল বিভাগের সর্বশেষ অবস্থানের কারণে এখন তার মুক্তির আইনি বাধা নেই। কারা কর্তৃপক্ষের কাছে আদেশ পৌঁছানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এএন