দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০১:০৮ পিএম

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির দুদকের আবেদনের পর এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন নির্ধারণ করেন। নির্ধারিত তারিখে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটি গঠনের ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি কিংবা বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি।

এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ সনদ চাওয়া হলেও সেই সনদ ছাড়াই প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়নি।

অনুসন্ধানে আরও উঠে আসে, নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়েছিল। দুদকের দাবি, এসব অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে আগে থেকেই পরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই অভিযোগের ভিত্তিতে গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ মোট ২০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে।

এএন