মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী?

জীবনযাপন ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:২১ পিএম

বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যেই খেলোয়াড়দের জীবনযাপন ও ফিটনেস অভ্যাস নিয়েও চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড ঘুমানোর সময় মুখে টেপ লাগিয়ে রাখেন। এই অভ্যাসকে কেন্দ্র করে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, বিষয়টি নিয়ে আগ্রহ থাকলেও বৈজ্ঞানিক গবেষণা এখনো সীমিত এবং প্রচলিত অনেক দাবির পক্ষে শক্ত প্রমাণ নেই।

বিশেষজ্ঞদের মতে, মুখে টেপ লাগিয়ে ঘুমানোর মূল উদ্দেশ্য হলো মানুষকে মুখের পরিবর্তে নাক দিয়ে শ্বাস নিতে উৎসাহিত করা। নাক দিয়ে শ্বাস নেওয়ার কিছু স্বাভাবিক শারীরবৃত্তীয় সুবিধা রয়েছে। নাক বাতাসে থাকা ধুলাবালি, অ্যালার্জেন ও অন্যান্য ক্ষুদ্র কণাকে ছেঁকে ফুসফুসে প্রবেশ করতে দেয়। পাশাপাশি এটি বাতাসকে উষ্ণ ও আর্দ্র করে, ফলে গলা শুষ্ক হওয়ার প্রবণতা কমে এবং ঘুম কিছুটা আরামদায়ক হতে পারে।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, নাক দিয়ে শ্বাস নেওয়া শ্বাসনালীকে তুলনামূলক স্থিতিশীল রাখতে সাহায্য করে। এর ফলে অনেকের ক্ষেত্রে নাক ডাকার প্রবণতা কমতে পারে। একই সঙ্গে নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ে, যা রক্তনালী প্রসারণ এবং অক্সিজেন পরিবহনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এ ছাড়া মুখ বন্ধ রেখে ঘুমালে মুখের ভেতর অতিরিক্ত শুষ্কতা কম হয়। লালার স্বাভাবিক প্রবাহ বজায় থাকায় মুখে ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি কমতে পারে, যা সকালে দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসের ঝুঁকি হ্রাসে সহায়ক হতে পারে। মুখের আর্দ্রতা বজায় থাকলে দাঁতের ক্ষয় এবং মাড়ির বিভিন্ন সমস্যার ঝুঁকিও কিছুটা কমতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

তবে চিকিৎসকদের সতর্কবার্তাও রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিক ও হার্ভার্ড হেলথের বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া মুখে টেপ লাগিয়ে ঘুমানোর অভ্যাস শুরু করা উচিত নয়। বিশেষ করে যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ), ডেভিয়েটেড সেপ্টাম বা নাকের অ্যালার্জির মতো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি করতে পারে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্ম দিতে পারে।

বিশেষজ্ঞরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন দাবিরও কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই যে মুখে টেপ লাগিয়ে ঘুমালে চোয়ালের আকৃতি পরিবর্তন হয় বা মুখমণ্ডলের গঠন বদলে যায়।

যারা চিকিৎসকের পরামর্শে এই পদ্ধতি অনুসরণ করতে চান, তাদের জন্যও একটি পরামর্শ রয়েছে। সাধারণ আঠালো টেপ ব্যবহার না করে ত্বকের জন্য নিরাপদ ও বাতাস চলাচলযোগ্য মেডিকেল টেপ, যেমন মাইক্রোপোর টেপ ব্যবহার করাই নিরাপদ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এএন