ইসরায়েলি মন্ত্রী

পুরো লেবানন জ্বালিয়ে দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৭:৪১ পিএম

দক্ষিণ লেবাননে চার ইসরাইলি সেনা নিহতের খবরে ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে। খবর দ্য গার্ডিয়ানের।

সাম্প্রতিক একাধিক উস্কানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় বেন-গভির আরও বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, প্রতিটি ইসরাইলি মায়ের এক ফোঁটা চোখের জলের বিনিময়ে এক হাজার লেবানিজ মাকে কাঁদতে হবে।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমেরিকানদের প্রতি যথাযথ সম্মান রেখেও ইসরাইলকে সারা বিশ্বের কাছে স্পষ্ট করতে হবে যে আমাদের সন্তানদের রক্ত এবং নাগরিকদের নিরাপত্তা কোনো দর কষাকষির বিষয় নয়। পুরো লেবাননকে পুড়িয়ে দিতে হবে।

বেন-গভিরের ফিলিস্তিনি আরবদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত মাসে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর আন্তর্জাতিক অ্যাকটিভিস্টদের ওপর নির্যাতনের ফুটেজ শেয়ার করায় কূটনৈতিক ক্ষোভ তৈরি হয়।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। এতে ইসরাইলের চার সেনা নিহত হয়েছে এবং আরও পাঁচ সেনা আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। অন্যদিকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

হিজবুল্লাহর পাল্টা হামলায় চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানায়, নিহতদের একজন লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন। বাকি তিনজনের পরিচয় পরে জানানো হবে।

এর আগে কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এতে লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে সামরিক অভিযান বন্ধের কথা বলা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এম জি