মোজতবা খামেনি

ইরান নয়, চুক্তির জন্য মরিয়া ছিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:১৯ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে ইরানের আগ্রহে নয়, বরং যুক্তরাষ্ট্রের তীব্র আগ্রহ ও চাপের কারণে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, একটি আনুষ্ঠানিক বার্তায় তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তি সম্পাদনে মার্কিন পক্ষই সবচেয়ে বেশি তৎপর ছিল। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগ করেন।

চুক্তি নিয়ে কিছু আপত্তি থাকলেও ইরানি জনগণের স্বার্থ রক্ষার আশ্বাসের ভিত্তিতে তিনি অনুমোদন দেন বলে জানান মোজতবা খামেনি। একই সঙ্গে তিনি সতর্ক করেন, চুক্তির বাইরে অতিরিক্ত দাবি ইরান মেনে নেবে না।

প্রতিবেদন অনুযায়ী, জি-৭ সম্মেলনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত নৈশভোজে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ নামে এই চুক্তি চূড়ান্ত হয়। এতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ-অবরোধ প্রত্যাহার এবং আঞ্চলিক সামরিক উপস্থিতি কমানোর বিষয় রয়েছে।

চুক্তি অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে ইরানের ওপর নৌ-অবরোধ প্রত্যাহার এবং ৬০ দিনের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করার বিষয় উল্লেখ আছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি চুক্তি লঙ্ঘন করে, তবে সমমানের জবাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল।

সূত্র: সিএনএন, আল-জাজিরা

এম জি