শাহজালাল বিমানবন্দরে চার অভ্যন্তরীণ যাত্রীর কাছ থেকে কোটি টাকার মোবাইল ফোন জব্দ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫, ০৬:৪৫ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার অভিনব কৌশলে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনসহ চারজন অভ্যন্তরীণ যাত্রীকে আটক করা হয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট (বিজি-১৪৮) ঢাকায় অবতরণ করার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে এই ফোনগুলো জব্দ করা হয়। আটককৃতদের কাছ থেকে মোট ১০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।

বেলা ১১টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং এ্যাভিয়েশন সিকিউরিটি (এ্যাভসেক) এর বিমান বাহিনীর সদস্যগণ যৌথভাবে উক্ত ফ্লাইটের অভ্যন্তরের সকল যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে চারজন মহিলা যাত্রী, সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ফোনগুলো বহন করছিলেন।

উদ্ধারকৃত ১০২টি মোবাইল ফোনের মধ্যে ছিল ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোন। পরবর্তীতে যাত্রীরা ফোন সম্পর্কে কোনো বৈধ তথ্য বা কাগজপত্র দেখাতে না পারায় বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ৯৮টি মোবাইল ফোন ডিটেনশন মেমো (ডিএম) করে জব্দ করেন।

উল্লেখ্য যে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় স্বর্ণ, মোবাইল ও সিগারেট পাচার করে থাকেন। সাধারণত দুবাই ও শারজাহ থেকে আগত বিমানগুলোতে এই চোরাচালান বেশি হয়ে থাকে। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর নজরদারি বৃদ্ধির কারণে চোরাকারবারিরা তাদের কৌশল পরিবর্তন করেছে। এখন দুবাই বা শারজাহ থেকে আগত যে সকল বিমান চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেসব বিমানে চোরাকারবারিরা চট্টগ্রাম থেকে তাদের নিজস্ব কিছু লোক (অভ্যন্তরীণ যাত্রী হিসেবে) ঢাকা আসার জন্য ফ্লাইটে তোলেন এবং বিমানের ভেতরেই কৌশলে স্বর্ণ ও মোবাইল ফোন হস্তান্তর করে।

আটককৃত চার যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইন ও অন্যান্য সংশ্লিষ্ট আইনে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইএইচ