মানবিক দায়বদ্ধতায় দেশব্যাপী আনসার-ভিডিপি’র ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:১০ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় দেশব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়েছে। 

শনিবার সকালে বগুড়া জেলার গাবতলী সরকারি কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাহিনীর সদর দপ্তর সূত্রে জানা গেছে, ২৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে বগুড়া, জামালপুর, ভোলা ও লালমনিরহাট এই চারটি জেলায় তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হবে। এর মাধ্যমে বাহিনীর সদস্য-সদস্যা এবং তাঁদের পরিবারবর্গ সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারবেন।

বগুড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। উদ্বোধনী দিনে কয়েকশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।

মহতী এই কর্মসূচির আওতায় চক্ষু ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে চোখের পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দন্ত চিকিৎসকদের পরামর্শ, সাধারণ রোগের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মনে করে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে নিয়োজিত সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা একটি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। এই উদ্যোগ বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং সামাজিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসা নিতে আসা সদস্যরা বাহিনীর এ ধরনের মানবিক পদক্ষেপে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেএইচআর