ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত করল বিমান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৭:১৯ পিএম

ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে বিমানের কোনো ফ্লাইট চলবে না।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এই সংস্থাটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা, বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়তা এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে বিমানের ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।

তিনি বলেন, ঢাকা-ম্যানচেস্টার-ঢাকা রুটে পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইট যাত্রা ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকেট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/+৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

জেএইচআর