বিএমইউ ও জাপানের জিচি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার উদ্যোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:১০ পিএম

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাথে জাপানের জিচি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, পরিবেশগত উন্নয়ন ও যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

সভায় উভয় দেশের গবেষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিকিৎসা শিক্ষা ও সেবায় উদ্ভাবন নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশগত উন্নয়নে সহায়তা প্রদান এবং ভবিষ্যৎ গবেষণার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জাপানি প্রতিনিধিদল বিএমইউ-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভায় অন্যান্যের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ ইসমাইল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।

জাপানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জিচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনভারনমেন্টাল অ্যান্ড প্রিভেনটিভ মেডিসিন বিভাগের প্রফেসর ড. সাহোকো ইচিহারা। দলের অন্যান্য সদস্যরা হলেন- সহযোগী অধ্যাপক ড. মিসে নাথান, ড. একেগামি আকিহিকো ও ড. কিতামুরা ইউকি। সভায় চিকিৎসা বিজ্ঞানের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের গবেষকদের সমন্বিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জেএইচআর