ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটগ্রহণের দিন চার ধাপে প্রদত্ত ভোটের সংখ্যা ও শতকরা হার প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই তথ্য রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সারাদিনে মোট চারবার-সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং ভোটগ্রহণ শেষে চূড়ান্ত হিসাব প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। প্রতিটি আসনের রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসারদের এই তথ্য দ্রুততার সাথে ডাটা এন্ট্রি করার জন্য বলা হয়েছে। কমিশন জানিয়েছে, ব্যালটের মুড়ি গণনা করে নির্ভুলভাবে ভোটের এই হার নির্ধারণ করতে হবে।
এই পুরো প্রক্রিয়াটি 'কপোত ড্যাশবোর্ড' (Kapot Dashboard) এবং 'আরএমএস' (RMS) ইউজারের মাধ্যমে অনলাইনে মনিটর করা হবে। বিশেষ বিষয় হলো, নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও সরাসরি এই পরিসংখ্যান পর্যবেক্ষণ করা হবে। ফলে তথ্যের শুদ্ধতা ও সময়ানুবর্তিতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
সহকারী রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে ডাটা এন্ট্রি অপারেটররা কেন্দ্রভিত্তিক এই তথ্য এন্ট্রি করবেন। ইসি সচিবালয় জানিয়েছে, নির্বাচনকে প্রশ্নাতীত করতে এবং সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। ইসির এই নতুন তদারকি ব্যবস্থার ফলে কত শতাংশ ভোট পড়ল, তা সাধারণ মানুষ এবং পর্যবেক্ষকরা নিয়মিত বিরতিতে জানতে পারবেন।
জেএইচআর