ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০২:৫১ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে আগামী ৩ মার্চ থেকে অনলাইনে এই টিকিট বিক্রি শুরু হবে। 

মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ৩ মার্চ থেকে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া ঈদ শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। যাত্রীদের চাপ সামলাতে এবারও সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট পৃথক সময়ে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকালে। অন্যদিকে পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর থেকে।

ঈদের ভিড় সামাল দিতে এবং যাত্রীদের সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। তারা জানায়, এবারের ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি বাড়তি ৫ জোড়া বা মোট ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করা হবে।

জেএইচআর