পবিত্র রমজানের ১৩তম দিনে শুরু হলো ঈদুল ফিতর ঘিরে যাত্রার প্রস্তুতি। আসন্ন ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীরা ভ্রমণের দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে পারবেন।
সার্ভারের চাপ সামাল দিতে অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
সূচি অনুযায়ী, ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের যাত্রার টিকিট। ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি চলবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
অন্যদিকে, দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের টিকিট অগ্রিম কেনা যাবে। কাউন্টার ও অনলাইন উভয় মাধ্যমেই বাসের টিকিট পাওয়া যাচ্ছে।
এএন