নির্বাচন ও গণভোটের কার্যক্রম ডকুমেন্টেশনে ইসির ১৮ সদস্যের কমিটি গঠন

আবু তাহের  প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৫:২৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমের প্রতিবেদন তৈরিতে ১৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে ইসির সিনিয়র সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, কমিশনের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের তথ্য ও ছবি সংগ্রহ করে বই আকারে ডকুমেন্টেশন তৈরির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালা সংস্কার, বিভিন্ন নীতিমালা প্রণয়ন, অংশীজনদের সঙ্গে সংলাপ, স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, নির্বাচনী রোডম্যাপ প্রস্তুত, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, দেশে ও প্রবাসে পোস্টাল ভোটিং কার্যক্রম, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা-২ শাখার যুগ্ম সচিব। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী সচিব (প্রকাশনা ও ডকুমেন্টেশন)।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন কার্যক্রমে কী ধরনের ঝুঁকি ছিল, সেগুলো কীভাবে মোকাবিলা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে এসব কার্যক্রম বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এসব বিষয়ে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির জন্য লে-আউট প্রস্তুত করবে কমিটি।

নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

এএন