মালয়েশিয়া থেকে দেশে এসেছে ৩৪ হাজার টন ডিজেল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:১৯ পিএম

মালয়েশিয়া থেকে আমদানি করা প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ জাহাজ। শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে জাহাজটি নোঙর করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইড শিপিং লাইনস।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজে থাকা ডিজেলের একটি অংশ প্রায় ৫ থেকে ৬ হাজার টন বহির্নোঙরে ছোট জাহাজে স্থানান্তর (লাইটারিং) করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে দুই দফা অপারেশন লাগবে। সবকিছু ঠিক থাকলে রোববার জাহাজটি পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়তে পারে।

এদিকে, এর আগে সিঙ্গাপুর থেকে আসা ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পদ্মা অয়েলের ডলফিন জেটি-৬-এ খালাস কার্যক্রম শুরু করেছে, যা রোববারের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে আসা দশম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও আমদানি বাড়ানো হয়েছে।

এএন