স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৫:৪২ পিএম
সংসদে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন

‘দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে’ সংসদ সদস্য আখতার হোসেনের এমন প্রশ্নের উত্তরে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, অতীতের সরকার বিশেষ করে ফ্যাসিস্ট সরকার ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনার কারণে দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে। সোমবার সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে গত ৫ থেকে সাড়ে ৫ বছর কোনো ক্যাম্পেইন হয়নি। প্রতি ৪ বছর পরপর হাম-রুবেলার ক্যাম্পেইন হওয়ার কথা। কিন্তু তা হয়নি। ফলে নতুন করে শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। পূর্ববর্তী সরকারগুলোর গাফিলতিতে টিকার সংকট তৈরি হয়েছে। দেশব্যাপী হামসহ ৬টিকার অভাব দেখা দেয়। এর ফলে বহু শিশু সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। 

তিনি বলেন, তবে আমরা জরুরি ভিত্তিতে এগুলো প্রতিকারে কাজ করে যাচ্ছি।  ৫ এপ্রিল থেকে হামের টিকা দেওয়া শুরু হয়েছে। যার মধ্যে ৫টি স্পটে আমি ও আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলাম। সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। গতকাল আমাদের সফলতা হলো ৭৩ হাজার শিশু টিকা নিয়েছে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকাদানের পাশাপাশি হামে আক্রান্ত শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরও আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে।   

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে হাম মোকাবিলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ৫ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।

এএন