দেশের উত্তর-পূর্বাঞ্চলে নতুন করে প্রাক-মৌসুমি বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজান ও দেশের অভ্যন্তরে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াইসহ প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়ছে।
সোমবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকলেও মঙ্গলবার সকাল থেকে পানির প্রবাহের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের ভুগাই-কংস এবং ধনু-বাউলাই নদীতেও পানি বৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে। এতে ওইসব এলাকার নিম্নাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ২৮ এপ্রিল সকাল থেকে পরবর্তী ৯৬ ঘণ্টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই উপকূলীয় ও নদী সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এএন