আইনমন্ত্রী

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৫:২২ পিএম

জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সাম্প্রতিক লিফলেটে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদ সংক্রান্ত কোনো সুস্পষ্ট উল্লেখ নেই। এ প্রেক্ষিতে গণভোটে তাদের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’।

বুধবার সংসদে তিনি বলেন, বিরোধী দল সংস্কারের দাবিতে লিফলেটে কয়েকটি বিষয় তুলে ধরলেও সেখানে জুলাই সনদের কোনো কথা বলা হয়নি। তার ভাষায়, জুলাই সনদের ভিত্তি থেকে গণভোটের বিষয়টি বিচ্যুত করা হয়েছে, যা সংবিধান ও আইনের সঙ্গে প্রতারণার শামিল।

আইনমন্ত্রী আরও বলেন, জুলাই জাতীয় সনদে ৩৩টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও ওই লিফলেটে তার কোনো নাম বা চিহ্ন নেই। গণভোটে উত্থাপিত চারটি প্রশ্নের মধ্যে সাড়ে তিনটির বিষয়ে বিএনপির কোনো আপত্তি ছিল না বলেও উল্লেখ করেন তিনি। বাকি অর্ধেক প্রশ্ন নিয়েই তিনি ‘আধা প্রেম, আধা প্রতারণা’ মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমান সংসদ এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত। একই সঙ্গে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।

বিশ্বের বিভিন্ন বিপ্লবের উদাহরণ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ফরাসি বিপ্লব, জুলাই বিপ্লব, আরব বসন্ত বা অরেঞ্জ বিপ্লব, এসব ঘটনার পর সংশ্লিষ্ট দেশগুলোতে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠেছে, যার ভিত্তি ছিল গণ-অভ্যুত্থানের চেতনা। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই চেতনার অভাব তিনি লক্ষ্য করছেন বলে জানান।

লিফলেটের ভাষা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এটি পড়ে তার কাছে ‘৩৩ নম্বরে পাস’ করার মতো ধারণা তৈরি হয়েছে। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বলেন, ব্রিটিশ আমলে উপমহাদেশে পরীক্ষার পাস নম্বর কম নির্ধারণের একটি ধারা ছিল, যা পরে ৩৩ নম্বরে স্থির হয়। সেই তুলনা টেনে তিনি প্রশ্ন তোলেন, লিফলেটটি এমনভাবে লেখা হয়েছে কি না, যা পাঠককে ‘অর্ধশিক্ষিত’ মনে করার ইঙ্গিত দেয়।

সবশেষে তিনি আবারও জোর দিয়ে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের অনুপস্থিতি লিফলেটটির বড় দুর্বলতা হিসেবে প্রতীয়মান হয়েছে।

এম জি