বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী ড. আমিনুল ইসলাম। দীর্ঘ গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে তার এই নিয়োগ কৃষি গবেষণায় নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। সোমবার তিনি এই নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি ব্রি’র সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের চিফ সায়েন্টিফিক অফিসার ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৯৮ সালের ২০ আগস্ট বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে ব্রি-তে কর্মজীবন শুরু করা ড. আমিনুল ইসলাম দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
১৯৭১ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুটরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবনে তিনি ১৯৮৪ সালে এসএসসি এবং ১৯৮৬ সালে এইচএসসি (প্রথম বিভাগ) সম্পন্ন করেন। ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি (অনার্স) ডিগ্রি অর্জনের পর ২০০৩ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে এমএস এবং ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস)-এর অন্তর্ভুক্ত গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্বীকৃত। দেশ-বিদেশের স্বনামধন্য জার্নালে তার ৮০টিরও বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণার কাজে তিনি ফিলিপাইন, মরক্কো, যুক্তরাজ্য ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। ব্যক্তিগত জীবনে ড. আমিনুল ইসলাম তিন সন্তানের জনক।
এএন