হামের টিকা সংকট ও শিশু মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, হামে আক্রান্ত হয়ে চার শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কেন টিকা সংকট তৈরি হলো, টিকাদান ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না- সব বিষয় খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরও যুক্ত করা হবে তদন্ত প্রক্রিয়ায়।
তিনি আরও বলেন, এই তদন্তের উদ্দেশ্য কাউকে দায়ী করা নয়, বরং প্রকৃত কারণ উদঘাটন করা। যদি কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হামের চিকিৎসা ও প্রতিরোধে সরকারি উদ্যোগ আরও জোরদার করার কথাও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, বর্তমানে হামের পরিস্থিতি নিয়ে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচির আওতা বাড়ানো ও প্রচার-প্রচারণা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট নেই। টিসিবির ট্রাকের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে, ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।
আগামী ১৯ মে ভূমি সেবা মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ তথ্যও ব্রিফিংয়ে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির প্রতারণা নিয়ে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি জ্বালানি মূল্যের সমন্বয়ের কারণে নৌপরিবহন ভাড়া কিছুটা পুনর্নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত বিভিন্ন ফৌজদারি অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোও তদন্তের আওতায় আনা হবে। আইন অনুযায়ী এসব অপরাধ কখনোই তামাদি হয় না বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি খাতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে ২০৩০ সাল পর্যন্ত একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে বছরে প্রায় ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে।
শিক্ষা খাতে উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, তিন লাখ ৮৪ হাজার শিক্ষককে ট্যাব বিতরণ করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক চলছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা।
এএন