এপ্রিলে ৫৮৬ দুর্ঘটনায় নিহত ৫৬৩, আহত ১২৭৯

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:৩৫ পিএম
ফাইল ছবি

গেল এপ্রিলে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানিয়েছে, কেবল সড়কেই ৫২৭টি দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১২৬৮ জন আহত হন।

বুধবার সংগঠনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হন। নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত হন। এছাড়া মোটরসাইকেল সংশ্লিষ্ট ১৩৯টি দুর্ঘটনায় ১৪২ জন নিহত ও ১২৪ জন আহত হন, যা মোট দুর্ঘটনার একটি বড় অংশ।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম বিভাগে- ১৩৫টি ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে ময়মনসিংহ বিভাগে- ১৭টি ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় ব্যবহৃত যানবাহনের মধ্যে মোটরসাইকেল ২১.৮৬ শতাংশ, ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ২৬.৪৫ শতাংশ, বাস ১৪.২৮ শতাংশ এবং ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ১৫.২৭ শতাংশ রয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৪১.১৭ শতাংশ সংঘর্ষ, ২৩.৭১ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া এবং ২৮.০৮ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, সড়ক পরিবহন খাতে কাঠামোগত সংস্কার জরুরি। তিনি পরিবহন ব্যবস্থায় দক্ষ বিশেষজ্ঞদের অংশগ্রহণ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং ফিটনেস ও লাইসেন্সিং ব্যবস্থার কঠোর বাস্তবায়নের আহ্বান জানান।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে চলাচল এবং মহাসড়কে অবৈধ যানবাহনের উপস্থিতিকে দায়ী করা হয়েছে।

সংগঠনটি দুর্ঘটনা কমাতে ১৩ দফা সুপারিশও তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ চালক তৈরি, মহাসড়কে আলোকসজ্জা, রোড সাইন স্থাপন এবং পরিবহন খাতে সুশাসন নিশ্চিত করা।

এএন