ঢাকার তুরাগ নদীতে গোসল করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই কিশোর। নৌকা থেকে পানিতে পড়ে যাওয়া এক বন্ধুকে উদ্ধার করতে গিয়ে আরেক বন্ধু নদীতে ঝাঁপ দিলে দুজনই নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করে।
বুধবার বিকেলে তুরাগ থানার কামারপাড়া এলাকার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার প্রতিবেশী নোমান (১৩)।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বিকেলে কয়েকজন বন্ধু মিলে নৌকায় করে নদীতে ঘুরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে নোমান গোসলের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচানোর চেষ্টা করে বন্ধু ইমরান। কোনো দ্বিধা না করে সে নদীতে ঝাঁপ দেয়। তবে প্রবল স্রোতে দুজনই পানির নিচে হারিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে নদী থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
ইমরানের মামা হালিম মিয়া বলেন, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়েছিল ইমরান। নোমান ডুবে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় সে। কিন্তু শেষ পর্যন্ত দুজনকেই প্রাণ দিতে হলো।
টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন জানান, পাঁচ বন্ধু নৌকায় করে নদীতে ঘুরতে গিয়েছিল। এ সময় নোমান পানিতে পড়ে গেলে ইমরান তাকে উদ্ধারে নদীতে নামে। পরে দুজনই তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
এএন