কৃষিমন্ত্রী

ঈদে ১ কোটি পশু কোরবানি হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশে পশুর কোনো সংকট হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তার মতে, এবার কোরবানি উপলক্ষে সারা দেশে প্রায় ১ কোটি গরু, মহিষ ও ভেড়া প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। 

এর আগে তিনি সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

কৃষিমন্ত্রী জানান, ভারত থেকে চোরাই পথে যেন কোনো গরু বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিশেষ বৈঠক করা হয়েছে এবং কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে মাংসে স্বয়ংসম্পূর্ণ। দেশের কৃষকরা এখন উন্নত পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন করতে সক্ষম। পশু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপস্থিত ছিলেন।

জেএইচআর