উপদেষ্টা তিতুমীর

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০১:৫১ পিএম

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সংকটের মধ্যেও সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়নি। বরং বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে সম্ভাবনা ও অগ্রগতির মাধ্যমে উত্তরণের চেষ্টা করছে সরকার। বিগত সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণের কারণে বর্তমান সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কেউ যদি মনে করেন সরকার টাকা ছাপাচ্ছে, তাহলে সেটি ‘গালগল্প’ ছাড়া কিছু নয়। অতীতেও সরকার এমন সংকটে পড়েছিল, তবে সম্ভাবনাকে কাজে লাগিয়ে তা মোকাবিলা করা হয়েছে।

বর্তমানে দেশের কর-জিডিপি অনুপাত ৭ শতাংশের নিচে রয়েছে। একই সঙ্গে নারীর উন্নয়নকে সামাজিক অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক বলেও উল্লেখ করেন ড. তিতুমীর।

এম জি