ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের (নিনস) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্নায়ু শল্যচিকিৎসা বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ইন্টার্ন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে পরিচালক-কাম-অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালে (নিনস) পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, নতুন কর্মস্থলে যোগদানের আগে তাকে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে হবে এবং মানবসম্পদ ব্যবস্থাপনার তথ্যভান্ডারে প্রয়োজনীয় হালনাগাদ সম্পন্ন করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এম জি