সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১২:৩৭ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের আজ থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এর আগে রোববার ছিল এই উৎসবের আগের শেষ কর্মদিবস। ঈদের দীর্ঘ ছুটি পেয়ে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে ঘরমুখো মানুষের চাপ লক্ষণীয়ভাবে বেড়েছে।

আগামী ২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছিল।

তবে বিগত বছরের অভিজ্ঞতার আলোকে সাধারণ মানুষের ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগের সাপ্তাহিক ছুটির দিন ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর গত ১৪ মে ঈদুল আজহায় সাত দিনের ছুটির আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, স্থল ও সমুদ্র বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এই সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। একই সাথে হাসপাতাল, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং অন্যান্য জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিস ও কর্মীরাও এই ছুটির আওতামুক্ত থাকবেন।

উল্লেখ্য, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

জেএইচআর