প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুমিন ফারহানার উদ্বেগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৮:০৭ পিএম

সরকারের প্রথম ১০০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধির অধীনে দেওয়া নোটিশের ওপর দুই মিনিটের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতির অপেক্ষায় ছিলেন, তবে তার অনুপস্থিতিতে বক্তব্য দিতে হচ্ছে।

তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানান, প্রথম ১০০ দিনে ৪৭৬টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া মার্চ ও এপ্রিল মাসে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি ও ১৯৬টি অপহরণের ঘটনা রেকর্ড করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

রুমিন ফারহানা আরও বলেন, একই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ১২৯টি এবং চুরির ঘটনা ২ হাজার ২১৪টি হয়েছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৩ হাজার ৪৯৬টি।

তিনি জানান, আলোচ্য সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার ৩০ থেকে ৩৬ জন এবং শিশু ধর্ষণের শিকার ৪৯ থেকে ৭১ জন।

তিনি বলেন, এসব পরিসংখ্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে।

রুমিন ফারহানা আরও মন্তব্য করেন, দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের সফলতা বা ব্যর্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বিষয়টি আরও স্পষ্টভাবে আলোচনা করা যেত বলে উল্লেখ করেন।

এম জি