স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি সুযোগ নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:০৪ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো আইনি বিধান দেশে নেই। সরকার শুধুমাত্র অনুরোধের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারে।

সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রশ্নে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত অ্যাকাউন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট, রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং নারী হয়রানি প্রতিরোধে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হয়।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য মোকাবিলায় বিদ্যমান সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত আইনে অপরাধের জন্য উপযুক্ত শাস্তির বিধান সংযোজন এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, সরকার চায় কোনো আপত্তিকর বা ক্ষতিকর কনটেন্ট অপসারণের অনুরোধ পেলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম দ্রুত ব্যবস্থা নিক। তবে বর্তমানে অনেক ক্ষেত্রে অনুরোধের পরও ব্যবস্থা নিতে দীর্ঘ সময় লাগে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে অনেকেই বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে। রাজনৈতিক নেতা এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়েও নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইনি কাঠামো আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।

তিনি জানান, বিদ্যমান আইনে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ না থাকায় সরকারকে অনুরোধের পথেই এগোতে হয়। এ সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এম জি