স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। এই দুটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ও ইউরিনারি ক্যান্সার, পঙ্গুত্বের ইউনিট ও ডেলিভারি ইউনিট থাকবে।
রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন দুটি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ক্যান্সার ও ইউরিনারি ক্যান্সার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন এবং ডেলিভারি ইউনিট থাকবে। নারীদের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও বিশেষায়িত করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, দেশে ১০০০ বেডের ২০টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি হাসপাতালে ৫টি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এবং জরুরি রোগী পরিবহনের জন্য ৪টি হেলিকপ্টার থাকবে। পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজার নারী থাকবেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর হামের প্রকোপ বৃদ্ধি পায়। তিনি দাবি করেন, বিগত সরকার এবং অদক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় পর্যাপ্ত টিকা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর মজুত ছিল না। তবে বর্তমান সরকার পর্যাপ্ত হামের ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, শুধু অর্থ বরাদ্দ নয়, উন্নয়নের রূপরেখা বাস্তবায়নের দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জি