স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় তিনটি নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে জোর সমালোচনা হয়েছে।
সোমবার সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে ব্যক্তিগত কৈফিয়ত ও ব্যাখ্যা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, তাঁর সন্তানদের নামের সঙ্গে মিল রেখে এই নামকরণ করা হয়নি। একটি ইউনিয়ন দুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় সেটির নাম ‘সীমান্ত’ এবং অন্য ইউনিয়নটি বেশ দূরবর্তী এলাকায় হওয়ায় তার নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে।
এর আগে বাজেটের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এলাকায় একটি ইউনিয়ন তাঁর বংশের নামানুসারে ‘মীরবাড়ি’ করা হয়েছে। এছাড়া তাঁর দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে। পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব স্বয়ং প্রধানমন্ত্রী নাকচ করেছেন। প্রধানমন্ত্রী যা চান, মন্ত্রীদেরও সেটাই চাওয়া উচিত। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে এসব নাম সংশোধন করতে অনেক সময় লেগেছিল। এখন আবার একই সংস্কৃতি আমাদের মাঝে ফিরে আসছে।
সংসদে এই সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম তাঁর ব্যাখ্যায় বলেন, মোকামতলার সৈয়দপুর ও দেউলি এই দুটি ইউনিয়ন আয়তনে অনেক বড় ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক সব ধরনের যাচাই–বাছাই এবং সাধারণ মানুষের সঙ্গে গণশুনানি করেই এই নতুন নামকরণ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, সৈয়দপুর ইউনিয়নটি গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে অবস্থিত হওয়ায় সীমান্ত ঘেঁষা হিসেবে এর নাম ‘সীমান্ত’ ইউনিয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, অপর ইউনিয়নটি গাইবান্ধার কাছাকাছি এবং মূল কেন্দ্র থেকে অনেক দূরবর্তী এলাকায় হওয়ায় সেটির নাম রাখা হয়েছে ‘দিগন্ত’। এর সঙ্গে পারিবারিক কোনো সংশ্লিষ্টতা নেই।
জেএইচআর