উপজেলা পর্যায়ে আপাতত ডে-কেয়ার সেন্টার স্থাপনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। তবে কর্মজীবী নারীদের নিরাপত্তা ও আবাসন সুবিধা বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রতিটি জেলায় একটি করে আধুনিক ডে-কেয়ার সেন্টার এবং কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর টেবিলে এই তথ্য উপস্থাপিত হয়।
মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৪৩টি রাজস্ব বাজেটের আওতায়, ২০টি উন্নয়ন বাজেটে এবং একটি জাতীয় মহিলা সংস্থার সদর কার্যালয়ে রয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরে অনুমোদিত “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন” প্রকল্পের আওতায় আরও ৬০টি নতুন সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা আপাতত নেই। তবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা কর্মজীবী নারীদের নিরাপত্তা ও সহায়তার বিষয়টি গুরুত্ব দিয়ে ভবিষ্যতে প্রতিটি জেলায় একটি করে আধুনিক ডে-কেয়ার সেন্টার ও কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনের পরিকল্পনা বিবেচনায় রয়েছে।
তিনি জানান, কর্মজীবী ও শ্রমজীবী মায়েদের সন্তানদের নিরাপদ সেবার জন্য নওগাঁ জেলায় ২০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় একটি সেন্টার চালু রয়েছে। ভবিষ্যতে উপজেলা পর্যায়ে ডে-কেয়ার সেন্টার চালু হলে মান্দা উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
এম জি