জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে এই পদে মনোনীত করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে আগামী দুই বছর তিনি এই পদে বহাল থাকবেন। তবে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই সরকার চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। অন্যদিকে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশ্যে লিখিত পত্রের মাধ্যমে যেকোনো সময় স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন। এ ছাড়া প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগ সম্পূর্ণ অবৈতনিক হবে।
আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী। বর্তমানে তিনি দলটির নারী সংগঠন ‘মহিলা দল’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত এই নেত্রীর নতুন দায়িত্ব প্রাপ্তিতে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
জেএইচআর