বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনারকে শুভেচ্ছা জানালেন মার্কিন দূত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ১২:৫৬ পিএম

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। তিনি ভবিষ্যতে আঞ্চলিক বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সার্জিও গর দীনেশ ত্রিবেদীকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ-সংশ্লিষ্ট বিষয় ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়ার বৃহত্তর অঞ্চলে সহযোগিতা আরও জোরদারে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে আগ্রহী।

এদিকে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পরে তিনি রাষ্ট্রপতির কাছে কূটনৈতিক পরিচয়পত্র জমা দেন।

বাংলাদেশে তার দায়িত্ব গ্রহণ এমন সময়ে হলো, যখন ঢাকা ও নয়াদিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও স্বাভাবিক ও কার্যকর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন অধ্যায় তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এএন