দেশের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন প্রশাসনিক ইউনিট গঠনের প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো—চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, জনসেবা সহজ করা এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এসব উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামে ‘হালদা’ নামে একটি নতুন থানা প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে নিকার। নতুন থানা চালু হলে ওই অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা, পুলিশি সেবা এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিকারের বৈঠকে প্রশাসনিক পুনর্বিন্যাস, স্থানীয় সরকার ব্যবস্থার সম্প্রসারণ এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর অংশ হিসেবেই নতুন উপজেলা ও থানা গঠনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদনের পর এখন প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে নতুন উপজেলা ও থানাগুলোর কার্যক্রম ধাপে ধাপে চালু করা হবে।
এএন