হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ১০ম বার্ষিকীতে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ধর্মের নামে সন্ত্রাসবাদকে কোনোভাবেই বাংলাদেশ সমর্থন করে না।
বুধবার (১ জুলাই) ঢাকাস্থ ইতালি দূতাবাসে হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। হলি আর্টিজান হামলার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে এবং জঙ্গিবাদ দমনে বাংলাদেশ দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাসহ নিহতদের স্বজন এবং হামলা থেকে বেঁচে ফেরা জিম্মিরা উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মোট ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয়, পুলিশ সদস্যসহ ৩ জন বাংলাদেশি এবং একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। এ হামলা বিশ্বজুড়ে ব্যাপক শোক ও উদ্বেগের সৃষ্টি করেছিল।
এম জি