২৭তম বিসিএসের আরও ৭৭ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০২:৫৪ পিএম

দীর্ঘ দুই দশকের আইনি প্রক্রিয়া শেষে ২৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে আদালতের রায়ের আলোকে গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম দফায় ৬৭৩ জন এবং চলতি বছরের ১৩ মে দ্বিতীয় দফায় আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ৭৭ জনকে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে ১৪ জুলাইই যোগদানের শেষ দিন হিসেবে গণ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে অনাগ্রহী বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল করা হবে।

এম জি