গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপমাত্রা, ফুটবল বিশ্বকাপ, কৃষিতে বিদ্যুতের বাড়তি ব্যবহার এবং বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে আয়োজিত বর্তমান সরকারের বিদ্যুৎ খাতের অগ্রাধিকার, জনকল্যাণে গৃহীত ব্যবস্থা, মিটার ভাড়া এবং জুন ২০২৬ মাসের বিদ্যুৎ বিল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি বিদ্যুৎ খাতকে আর্থিকভাবে টেকসই করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো।
তিনি জানান, তুলনামূলক কম বৃষ্টিপাত, চলমান ফুটবল বিশ্বকাপ, ঈদুল আজহা, গ্রীষ্মের অতিরিক্ত তাপমাত্রা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা চলার কারণে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান, রেফ্রিজারেটরসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারও বেড়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রামাঞ্চলেও এখন ফ্রিজ, টিভি, রাইস কুকার, ব্লেন্ডার ও ইলেকট্রিক কেটলির ব্যবহার অনেক বেড়েছে, যা বিদ্যুতের চাহিদা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, জুন মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল বেড়েছে শুধু ট্যারিফ বৃদ্ধির কারণে নয়, বরং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেড়ে যাওয়ায় উচ্চতর স্ল্যাবে বিল গণনা হওয়াতেও এমনটি হয়েছে। তবে কোথাও কোথাও করণিক ত্রুটি পাওয়া গেছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ কমাতে সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। পাশাপাশি উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রি-পেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে কাজ চলছে।
এম জি