ডেঙ্গু প্রতিরোধে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৪৩ পিএম

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আগাম সতর্কতা হিসেবে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁর স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সম্পূর্ণ পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় যা বলা হয়েছে
মনিটরিং কমিটি গঠন: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সার্বক্ষণিক তদারকির জন্য ‘ক্লিন স্কুল টিম’ নামের একটি শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করতে হবে।

নিয়মিত পরিদর্শন ও পরিষ্কার: বিদ্যালয় ভবন ও শ্রেণিকক্ষ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি ছাদ, বারান্দা, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও খোলা জায়গায় জমে থাকা পানির স্থানগুলো নিয়মিত পরিদর্শন করে এডিস মশার লার্ভা ধ্বংসের ব্যবস্থা নিতে হবে।

সচেতনতা বৃদ্ধি ও পুরস্কার: শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালাতে হবে। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির কাঠামো যেমন হবে
আদেশ অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত ‘ক্লিন স্কুল টিম’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান (অধ্যক্ষ বা প্রধান শিক্ষক)। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্যানিটারি পরিদর্শক বা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের একজন প্রতিনিধি এবং দুজন শিক্ষার্থী। এছাড়া একজন শিক্ষক এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

ঢাকার জেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশনা পাওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে মাঠপর্যায়ের কার্যক্রম শুরু করতে হবে। তবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে সচেতনতা ও পরিচ্ছন্নতা। এ কারণেই আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে 'ক্লিন স্কুল টিম' গঠনের নির্দেশ দিয়েছি। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিজেদের বাড়ি ও আশপাশেও যেন তারা একই অভ্যাস অনুসরণ করে, সেটিই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “কোনো অবস্থাতেই যেন এডিস মশার প্রজননের সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ডেঙ্গু মোকাবিলা শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক আন্দোলন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন- সবার সমন্বিত অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ‘ক্লিন স্কুল টিম’ শুধু একটি সাধারণ কমিটি নয়, এটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার একটি ধারাবাহিক উদ্যোগ।”

জেএইচআর