২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৭:২৮ এএম

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

যেসব অঞ্চলে এ আবহাওয়ার প্রভাব পড়তে পারে সেগুলো হলো— ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার পাশাপাশি কোথাও কোথাও বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তাই বিশেষ করে খোলা জায়গা, নদী ও জলাশয়ের আশপাশে অবস্থানকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

এএন