পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চলছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:২৮ এএম

ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সরকারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রচলিত কূটনৈতিক নিয়মনীতি মেনেই এই প্রক্রিয়া নিয়মিত চালিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। শামা ওবায়েদ ইসলাম বলেন, এই ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগে।

তিনি উল্লেখ করেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি বা আন্তর্জাতিক আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হয়। এই প্রক্রিয়াটি শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একার কাজ নয়, এর সঙ্গে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ও সরাসরি যুক্ত রয়েছে।

ভারতের সহযোগিতা বা আইনি জটিলতার বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টির আইনি দিকগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো খতিয়ে দেখছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগের কোনো কমতি রাখা হয়নি।

সম্প্রতি গণমাধ্যমে আসা শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, আদালতের চোখে পলাতক ও দণ্ডপ্রাপ্ত একজন আসামির বক্তব্য চলমান আইনি প্রক্রিয়ায় কোনো গুরুত্ব বহন করে না। দেশের মানুষের ওপর নানা জুলুম ও অপরাধের দায়ে বাংলাদেশের আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন। এরপরই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তাই তিনি কী বললেন, তা মোটেও প্রাসঙ্গিক নয়।

তিনি আরও জানান, বিগত অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ভারতের সঙ্গে এই বিষয়ে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছিল, যা বর্তমান সরকারের আমলেও সক্রিয় রয়েছে। সরকার আশা করছে, যথাযথ আইনি পথেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। দুর্নীতি, গুম ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের জন্য দেশের মাটিতে তার স্বচ্ছ বিচার হোক, এটাই জনগণের চাওয়া।

জেএইচআর