পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্যান্য আসামিকে প্রত্যার্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে পলাতক অবস্থায় রয়েছেন এবং সেখানে তার কোনো আনুষ্ঠানিক স্ট্যাটাস নেই। এছাড়া তার কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায়, প্রয়োজনীয় ক্ষেত্রে তাকে ছবিযুক্ত পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসন্ন জাতিসংঘ অধিবেশনে বিষয়টি আরও জোরালোভাবে উপস্থাপন করবে বাংলাদেশ। তিনি দাবি করেন, গত ১৭ বছরে সমস্যাটির সমাধান না হয়ে বরং তা আরও জটিল হয়েছে। এ সংকট নিরসনে সরকারি, বেসরকারি ও কূটনৈতিক বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
এম জি