নির্ধারিত সময়ের আগেই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৪:৫২ পিএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এতে সর্বমোট ৬ হাজার ১৬৫ জন, প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। কমিশনের পূর্বঘোষিত বার্ষিক পরীক্ষাসূচি বা ক্যালেন্ডারে এই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ৩০ জুলাই নির্ধারণ করা ছিল। তবে নির্ধারিত সময়সীমার সাত দিন আগেই এই ফলাফল প্রকাশ করল দেশের এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

প্রার্থীরা বিএসসির নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটক এসএমএস সেবার মাধ্যমে তাঁদের বিস্তারিত রোল নম্বর ও ফলাফল জানতে পারবেন।

মৌখিক পরীক্ষার নতুন তারিখ

পূর্বে ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা (ভাইভা) ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট ২০২৬ থেকে উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পিএসসির বিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীদের যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আসন ও ক্যাডারভিত্তিক নিয়োগের পরিসংখ্যান

৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলে সর্বমোট ২,১৫০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ১,৭৫৫টি।

বিসিএসের সম্ভাব্য নিয়োগ বণ্টন অনুযায়ী স্বাস্থ্য ক্যাডারে (চিকিৎসক) সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন ক্যাডার ও পদে মোট ৭৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ক্যাডার পদের বাইরে অবশিষ্ট পদগুলো নন-ক্যাডার নিয়োগের জন্য নির্ধারিত রয়েছে। যদিও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কার্যক্রমে গতি বেড়েছে, তবুও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার জটিলতার কারণে নিয়োগ কার্যক্রমে এখনো বিলম্ব দেখা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে পিএসসি তাদের পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন ও ফলাফল প্রকাশের সার্বিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য দ্রুততা আনলেও এর কাঙ্ক্ষিত সুফল সময়মতো পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। বিসিএস পরীক্ষার চূড়ান্ত সুপারিশের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ভেরিফিকেশন (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)এবং স্বাস্থ্য পরীক্ষা (স্বাস্থ্য অধিদপ্তর) সম্পন্ন করার গতি অত্যন্ত ধীরগতির।

কমিশনের পরিসংখ্যান ও সাম্প্রতিক চিত্র অনুযায়ী

৪৫তম, ৪৬তম ও ৪৯তম বিসিএসে চূড়ান্ত ফলাফলের পর প্রায় আট মাস অতিক্রম করলেও ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়ায় প্রার্থীরা ক্যাডার পদে যোগদান করতে পারছেন না।

৪৭তম বিসিএসের ইতোমধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে, যা ভেরিফিকেশনের দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে। ৫০তম বিসিএসের দ্রুত গতিতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও শেষ পর্যন্ত ভেরিফিকেশনের জটে প্রার্থীরা দীর্ঘ অপেক্ষায় পড়ার আশঙ্কায় রয়েছেন।

ফলে পিএসসির প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত হলেও পরবর্তী ধাপগুলোর কারণে চূড়ান্ত নিয়োগের প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীরা।

এএন