সরকার জনস্বার্থের কথা উল্লেখ করে বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা, একজন উপপুলিশ কমিশনার, একজন পুলিশ সুপার এবং একজন যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে যাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা হলেন-ডিআইজি, হাইওয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী; অতিরিক্ত ডিআইজি, সিআইডি মোহাম্মদ সরোয়ার হোসেন; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ বিধান ত্রিপুরা; অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ড. একেএম ইকবাল হোসেন; ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহী মো. ওয়ালিদ হোসেন; অতিরিক্ত ডিআইজি, এপিবিএন সহেলী ফেরদৌস; অতিরিক্ত ডিআইজি, সিআইডি রেবেকা সুলতানা; অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহী মোহাম্মদ তবারক উল্লাহ; উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মো. হাবিবুর রহমান; অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা হাসিনা রহমান; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর), বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত ফয়সল মাহমুদ; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর কানিজ ফাতেমা; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ সুলতানা নাজমা হোসেন; অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ জেসমিন বেগম; পুলিশ সুপার, টিডিএস, ঢাকা আব্দুর রহিম শাহ চৌধুরী; ডিআইজি, সিআইডি সানা শামীনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। একই সঙ্গে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এর আগে চলতি মাসের ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তাদের মধ্যে ছিলেন ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার।
এ ছাড়া গত ৩ মে ১৭ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই আইনি বিধানের আওতায় ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
এম জি