স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১০:৪৭ এএম

স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে হাসপাতালসমূহ আকস্মিকভাবে পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সাথে তিনি জানান, শিগগিরই দেশে আরও চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

শনিবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে সারা দেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নিকট ভবিষ্যতে প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। গত ১৭ বছরে বিগত সরকার স্বাস্থ্যসেবায় তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি দাবি করে তিনি বলেন, বর্তমানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুত রয়েছে। পরিদর্শনকালে মন্ত্রী পুরো হাসপাতাল ঘুরে পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

এই সময় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর