এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ১২:৪১ পিএম

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে কম সরবরাহ হচ্ছে, যার প্রভাব পড়েছে তিতাস গ্যাসের অধীন বিভিন্ন এলাকায়।

রোববার (২৬ জুলাই) তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের সেবা এলাকার শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকসহ সব শ্রেণির গ্রাহক তীব্র গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন। ফলে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

একই সঙ্গে জানানো হয়েছে, এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাজ চালিয়ে যাচ্ছে।

এম জি