সুন্দরবন রক্ষায় প্রায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:২৮ পিএম

সুন্দরবন রক্ষা এবং এই বননির্ভর মানুষের জীবন-জীবিকার উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ করতে যাচ্ছে জাতিসংঘ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, সুন্দরবন সংরক্ষণে ৬০ মিলিয়ন মার্কিন ডলার এবং সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আরও ২৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে জাতিসংঘ। সব মিলিয়ে এই অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৯৪৭ কোটি ৭৮ লাখ টাকা।

শনিবার (২৫ জুলাই) বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা’ শীর্ষক দিনব্যাপী নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা’সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে ‘পিপলস ম্যানডেট: ম্যানিফেস্টো টু অ্যাকশন’ সিরিজের অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জীবন-জীবিকা, পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সংলাপে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, সংসদ সদস্য মো. আব্দুল আলীমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে সুন্দরবন সংরক্ষণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ জরুরি।

প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম ভিত্তি। তাই এই বন সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, সুন্দরবনের সুরক্ষা কার্যক্রমের পাশাপাশি বননির্ভর মানুষের জীবনমান উন্নয়নেও জাতিসংঘের এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএন