বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৩:২৩ পিএম

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রোববার (২৬ জুলাই) দুপুরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সাহাবুদ্দিন সপরিবারে গুলশানের ‘গ্রিন ভিলা’ নামের নিজ বাসভবনে উঠেছেন। বঙ্গভবন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর ২টা ২৫ মিনিটে তার গাড়িবহর বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে যাত্রা করে।

এর আগে শনিবার সন্ধ্যায় বিদায় উপলক্ষে বঙ্গভবনে একটি ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন সদ্য সাবেক রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মো. সাহাবুদ্দিন তার স্বাক্ষর করা পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠান। পরে স্পিকার সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর পাশাপাশি সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণাও দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এম জি