নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

৩০০ আসনে প্রার্থী দিতে চায় ‘গণমুক্তি জোট’

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০২:২৬ পিএম

নির্বাচনমুখী নতুন রাজনৈতিক দল ‘গণমুক্তি জোটের’ আত্মপ্রকাশ ঘটেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় নতুন এ দলটি।

শনিবার (১০ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করা হয়। দলটি নির্বাচনী প্রতিকের নাম ‘ছড়ি’। তাদের নির্বাচনী নিবন্ধন নং ৪১।

নতুন দল গঠনের বিষয়ে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বর্তমানে সার্বিকভাবে ভালো নেই। অথচ সাম্য, সামাজিক ন্যায় ও মানবিক মর্যাদা-এ ছিলো আমাদের মুক্তিযুদ্ধে অঙ্গিকার।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা গণতন্ত্র ও আইনের সুশাসনের মাধ্যমে সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচালিত হবে। তবে বিগত ৫১ বছরেও সে প্রত্যাশা পূরণ হয়নি। আমরা মনে করি দেশের এ অবস্থার জন্য সচেতন নাগরিক এবং রাজনৈতিক দলগুলোরও দায় রয়েছে। এক্ষেত্রে কেউই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। দলে গণতন্ত্র চর্চার ঘাটতিতে সুস্থ ধারার রাজনীতিরও বিকাশ হয়নি।

তারা আরও বলেন, সরকার ও বিরোধী দল শুধু দোষ ত্রুটি নিয়ে পাল্টাপাল্টি করেছে। সঠিক নেতৃত্বের অভাবও আজ প্রধান জাতীয় সমস্যা। এ লক্ষ্য নিয়েই আমরা জনগণের সার্বিক মুক্তি নিশ্চিত করার লক্ষে দায়িত্বশীল রাজনীতি ও গণতন্ত্র চর্চার প্রতি অঙ্গীকারসহ আমরা ‘গণমুক্তি জোট’ গঠন করেছি।

উল্লেখ্য, আশু লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি সকলের উদ্যোগে নির্বাচনী জোট হিসেবে ‘গণমুক্তি জোট’ প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে আমরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশগ্রহনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেয়া এবং জনরায় নিয়ে সরকার গঠন করার কর্মসূচি ঘোষনা করছি।

গণমুক্তি জোটের চেয়ারম্যান, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে দলের প্রধান উপদেষ্টা হিসেবে উণসত্তরের গণ-অভূত্থান এবং মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না এবং প্রধান মুখপাত্র সাবেক সচিব কাসেম মাসুদের নাম ঘোষণা করা হয়। সভা সঞ্চালনা করেণ গণমুক্তি জোটের কো-চেয়ারম্যান প্রফেসর এ আর খান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ হারুন-অর-রশীদ, কো-চেয়ারম্যান, গণমুক্তি জোট, প্রকাশক সম্পাদক আমিনা খাতুন কো-চেয়ারম্যান, গণমুক্তি জোট এবং মো. আল আমিন প্রমুখ।

এআরএস