বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ নেতার পদত্যাগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:৫৯ পিএম

আদর্শিক ও রাজনৈতিক দর্শনের অমিলের কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কসহ ১২ জন নেতাকর্মী দল থেকে একযোগে পদত্যাগ করেছেন। 

রোববার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই গণপদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী প্রধান সমন্বয়ক আলী হুসাইন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, ২০২৫ সালের জুন মাস থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই দলের পথচলা শুরু হলেও বর্তমানে দলের রাজনৈতিক সমীকরণে বড় ধরণের অসামঞ্জস্যতা দেখা দিয়েছে। 

তিনি অভিযোগ করেন, যে অঙ্গীকার নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রেক্ষাপটে তার ব্যত্যয় ঘটছে। তার ব্যক্তিগত দর্শনের সঙ্গে দলের রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আলী হুসাইন আরও বলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় সবসময় নিয়োজিত ছিলেন এবং আমৃত্যু থাকবেন, তবে এনসিপির সদস্য হিসেবে আর নয়।

প্রধান সমন্বয়কের পাশাপাশি পদত্যাগকারী অন্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি এবং মো. রাতুল আহসান। তারাও সংবাদ সম্মেলনে আলী হুসাইনের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দল ছাড়ার ঘোষণা দেন।

জেএইচআর